ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, স্থানীয় সময় বুধবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে দুই দেশের সরকারপ্রধানের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী।
এ সময় দক্ষ জনশক্তি বিনিময়, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করেন তারা। এসব ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন নতুন সম্ভাবনাময় খাত চিহ্নিত করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা আগ্রহ প্রকাশ করেন।
জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামেও বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও আন্দ্রেই প্লেনকোভিচ।
মতামত দিন