দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
বাণীতে তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর এই উৎসব মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
প্রধানমন্ত্রী বলেন, ঈদের এই আনন্দঘন দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হওয়া উচিত সবার অঙ্গীকার।
তিনি প্রত্যাশা করেন, ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে।
বাণীর শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে