Views Bangladesh Logo

স্বাধীনতা দিবসে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনি দেশের সকল মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এ দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা নারী এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগ্রত করে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সবশেষে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ