Views Bangladesh Logo

সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

দেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে সিটি করপোরেশনগুলোর প্রশাসকদের হাতে চেক তুলে দেন তিনি।

ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।

এ উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে ভবিষ্যতেও সরকার বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ