অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রকে প্রধানমন্ত্রীর উপহার
সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক কলেজছাত্রের মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথ থেকে উদ্ধার করা একটি অন্ধ ও অসুস্থ ঘোড়ার দেখভালের দায়িত্ব নেওয়ায় ওই শিক্ষার্থীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের বাড়িতে গিয়ে সহায়তা ও উপহার তুলে দেন। এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় বিষয়টির সার্বিক খোঁজখবর নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একটি অন্ধ ও অসুস্থ ঘোড়া শ্মশানের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভিডিওটি দেখে সোহান ঘটনাস্থলে গিয়ে ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন।
পরে স্থানীয় পশুচিকিৎসক প্রাণীটিকে পরীক্ষা করে জানান, ঘোড়াটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে এবং চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব নয়। এরপরও প্রাণীটিকে পরিত্যাগ না করে পরিবারের সদস্যদের সহযোগিতায় নিয়মিত পরিচর্যা ও ভরণপোষণের দায়িত্ব নেন সোহান।
সোহান বলেন, দুটি চোখ অন্ধ হলেও এটি একটি জীবন্ত প্রাণী। চোখের সামনে একটি প্রাণীকে কষ্ট পেতে দেখে ফেলে রাখা যায় না। যত দিন বেঁচে থাকবে, আমরা সাধ্যমতো এর যত্ন নেব। প্রধানমন্ত্রী আমাদের মতো সাধারণ মানুষের এই উদ্যোগের খোঁজ নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণা।
সোহানের বাবা নাঈম হোসেন বলেন, ছেলের আগ্রহ ও মমতার কারণেই তারা ঘোড়াটিকে আশ্রয় দিয়েছেন। মানুষের পাশাপাশি অসহায় প্রাণীর প্রতিও দায়িত্ববোধ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মতামত দিন