প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন : জনপ্রশাসন উপদেষ্টা
প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছেন এবং পূর্ণোদ্যমে তা এগিয়ে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। এখন তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর মতো তিনি প্রতিটি বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন এবং সে অনুযায়ী কাজ আদায় করছেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, এটি বিশ্বপরিসরে চমকপ্রদ ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে এবং আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে জনপ্রশাসন দলীয়করণের শিকার হয়েছে। এতে প্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর নীতিমালা অনুসারে একটি দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তার ভাষায়, প্রশাসন জনগণের সেবক হিসেবে কাজ করবে, শাসক হিসেবে নয়। লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ধানের শীষের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক রয়েছে, তবে সবার আগে পরিচয় বাংলাদেশ। নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির পার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের দেওয়া নিরঙ্কুশ সমর্থন বড় দায়বদ্ধতা তৈরি করেছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একটি উদার, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি যে ইশতিহার ও প্রতিশ্রুতি দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে, তা বাস্তবায়ন করা তাদের পবিত্র দায়িত্ব। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
এদিন সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান শেষে উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আহমেদ ফেরদৌস মানিক, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপনসহ অনেকে। এছাড়া লক্ষ্মীপুর প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ সদস্যরা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে