Views Bangladesh Logo

টেক্সটাইল খাতের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের কমিটি গঠন

দেশের টেক্সটাইল খাতের দীর্ঘদিনের সংকট সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান সংগঠনটির নেতারা।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের বলেন, টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং অতীতের কোনো সরকারই সেগুলোর স্থায়ী সমাধান করতে পারেনি।

তিনি জানান, খাতটির সংকট নিরসনে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি আগামী সপ্তাহেই বৈঠকে বসে সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।

শওকত আজিজ রাসেল বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন এবং জটিল সমস্যাগুলোর সমাধান করতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। তবে শিল্পের বৃহত্তর স্বার্থে উদ্যোক্তারা সরকারকে সেই সময় দিতে প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি টেক্সটাইল খাতের আর্থিক সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে দেশের বস্ত্রশিল্প আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিটিএমএ সভাপতি জানান, সরকার ইতোমধ্যে শিল্প খাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে, যা উদ্যোক্তাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।

এ ছাড়া, বর্তমানে বন্ধ হয়ে থাকা কারখানাগুলো পুনরায় চালুর যে উদ্যোগ সরকার নিয়েছে, তা সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ