মুদ্রা বিনিময়ের মাধ্যমে ভারতের সাথে ব্যবসা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও ভারতের নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি বিনিময়ের মাধ্যমে আমাদের মধ্যে ব্যবসা করতে পারি। এটি ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ব্যবসা সম্প্রসারিত করতে এটিকে আমাদের আরও বাড়াতে হবে।’
শনিবার (১৭ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শ। এ সময় এ কথা বলেন শেখ হাসিনা। পরে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ডলারের মতো অন্যান্য মুদ্রার ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জয়শঙ্কর নিজস্ব মুদ্রার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা অন্য উচ্চতায় উন্নীত হয়েছে।
‘দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে’-এ কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।’
জয়শঙ্করকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’
মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জার্মানির মিউনিখে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফর শেষে আগামীকাল রাতে তার মিউনিখ ত্যাগ করার এবং ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে