Views Bangladesh Logo

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ এবং উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভার বিষয়টি নিশ্চিত করেন।

সভায় রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তারেক রহমান। বিশেষ করে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার পাশাপাশি নতুন ভবন নির্মাণে জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা (বিএনবিসি) যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমাতে সরকারি বিভিন্ন দপ্তর ও জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম সংরক্ষণ এবং উদ্ধারকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়েও নির্দেশনা দেন সরকারপ্রধান। একই সঙ্গে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কার্যকর প্রচার কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ