Views Bangladesh Logo

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আবাসন খাতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামি এ তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আবাসন খাতকে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ খাতে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছে।

বৈঠকে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ, ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে সৃষ্ট বাস্তব সমস্যা এবং খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রিহ্যাবের প্রতিনিধিরা জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানান। পাশাপাশি আবাসন-সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো পুরোপুরি ডিজিটাল করার আহ্বান জানান। রাজধানীর সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ভবনের ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) যৌক্তিকভাবে নির্ধারণ এবং উলম্ব নগরায়নের ওপর গুরুত্ব দেওয়ারও প্রস্তাব দেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক হলে চলবে না। রাজধানীর পাশাপাশি অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও জোর দেন তিনি।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সহ-সভাপতি আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ এবং আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ