Views Bangladesh Logo

জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা হয়েছে। দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম শহরের বড় একটি অংশ এখন পানিতে তলিয়ে গেছে, ফলে মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসন ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করছে। তবে জলাবদ্ধতা এতটাই বড় আকার নিয়েছে যে তা নিরসনে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামবাসীর এই কষ্টে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্যোগ থেকে বের করে আনার চেষ্টা চলছে।

জলাবদ্ধতাকে দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা আমাদের অনেক দিনের সমস্যা। এই সমস্যা সমাধানে একজন রাজনীতিবিদ বিশেষজ্ঞ ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সারাদেশে খাল খননের মাধ্যমে পানির আধার তৈরি এবং বন্যা ও জলাবদ্ধতা দূর করেছিলেন। আমাদের সেই খাল খনন কর্মসূচিতেই ফিরে যেতে হবে এবং সরকার এরইমধ্যে তা শুরু করেছে।

তিনি বলেন, ড্রেন ও খালে প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য ফেলার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। তাই জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদেরও এ বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, সরকার একা নয়, জনগণের সহযোগিতা ছাড়া এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়।

এছাড়া তিনি জানান, চলমান বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের জন্য তিন মাসের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ