কেরানীগঞ্জে কারখানায় আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী মোবাইল ফোনে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।
বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে ঘটনার কারণ দ্রুত তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে