বিদ্যুতের কষ্টের জন্য দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংকটে ভোগান্তিতে রয়েছেন। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে দ্রুত সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়া-মোনাজাত ও অসহায়-দরিদ্র মানুষের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনো বলি না ছয় মাসে দেশের সব উন্নয়ন করে ফেলেছি। এটি সম্ভব নয়। ফ্যাসিবাদী সরকার শুধু বিদ্যুৎ খাতেই বিভিন্নভাবে প্রায় ৩ লাখ কোটি টাকার দেনা করে রেখে গেছে।
সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে মানুষের ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, আমি জানি, বিগত কিছুদিন ধরে সারা দেশে, গ্রামগঞ্জে, ক্ষেত্রবিশেষে মফস্বল শহরে, উপজেলা-জেলা শহরগুলোতে মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। গ্যাসের কষ্ট পাচ্ছে।
দেশের গ্যাসের মজুত ও অনুসন্ধান প্রসঙ্গে তারেক রহমান বলেন, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ। কিন্তু গত ১৭ বছরে স্বৈরাচারী সরকার দেশের গ্যাসের জন্য একটি কূপও খনন করেনি বা করতে দেয়নি। বরং খাতটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মাটিতে দ্রুত গ্যাসকূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে এসব কাজ করা হবে, যাতে দেশের গ্যাসসম্পদের নিয়ন্ত্রণ দেশের মানুষের হাতে থাকে।
তিনি বলেন, বর্তমানে গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে জাহাজে করে আমদানি করতে হয়। কিন্তু গত ১৫ বছরে গ্যাস সংরক্ষণের জন্য মাত্র দুটি স্টোরেজের ব্যবস্থা করা হয়েছিল। এগুলোও এমনভাবে করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সুবিধা পান বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আরও একটি জাহাজের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে। দুটি জাহাজের একটিতে দুর্ঘটনা ঘটার কারণেও বর্তমান গ্যাস সংকট তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
সংকট সমাধানে নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সংকট অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছেন। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, সরকার দ্রুত সংকট কাটিয়ে ওঠার জন্য কাজ করছে। যত দ্রুত সম্ভব মানুষকে এই ভোগান্তি থেকে মুক্ত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
মতামত দিন