Views Bangladesh Logo

দৌলতদিয়া বাস দুর্ঘটনায় উদ্বেগ প্রধানমন্ত্রীর, উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দুর্ঘটনার পরপরই তিনি ঘটনার খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে উদ্ধার তৎপরতা জোরদার এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো বাসটি দৃশ্যমান হয়নি।

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ জানান, বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে। এর উপরের অংশ প্রায় ৫০ ফুট এবং নিচের অংশ আরও প্রায় ১০ ফুট পানির নিচে রয়েছে। বাসটির এক পাশে রশি লাগানো হয়েছে, অন্য পাশে রশি লাগানোর চেষ্টা চলছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

তিনি আরও জানান, বাসটি ডুবে যাওয়ার সময় ৬-৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুই নারী মারা যান এবং একজন চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুততম সময়ে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ