পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
দেশের পানি ব্যবস্থাপনায় বিদ্যমান সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিশ্চিত করতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় পানি সম্পদ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সমন্বিত পরিকল্পনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক উন্নয়নমূলক সংস্থা ফুটস্টেপস বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
বিশেষজ্ঞরা বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়িত্ব নিশ্চিত করা, নগর ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত নগর পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপপরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
মতামত দিন