Views Bangladesh Logo

৬ দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করেন।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে চীনের বেইজিং তাসিং বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।

সফরের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হলে শি জিনপিং ও তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই নেতা আলাদাভাবে একান্ত আলোচনাও করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তথ্য অনুযায়ী, বৈঠকের পর তিনি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করেন। এর আগে সকালে তিনি তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানান এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সফরের শুরুতে প্রধানমন্ত্রী মালয়েশিয়া যান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, গবেষণা ও বিনিয়োগ বিষয়ে কয়েকটি সমঝোতা হয়।

পরে চীন সফরে বিনিয়োগ, গণমাধ্যম সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যেও যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা হয়।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর সঙ্গে বৈঠকেও দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে সরকার। সফর শেষে প্রধানমন্ত্রী এখন দেশে ফিরছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ