Views Bangladesh Logo

স্পোর্টস কার ও কাভার্ড ভ্যান চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দেশে তৈরি আধুনিক স্পোর্টস কার, ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি), ট্রাক, লরি ও মোটরসাইকেল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি একটি স্পোর্টস কার এবং একটি কাভার্ড ভ্যান পরীক্ষামূলকভাবে নিজে চালিয়ে দেখেন।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি এসব যানবাহন প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানটি দেশের প্রথম ইলেকট্রিক ভেহিক্যাল নির্মাতা হিসেবে নিজেদের দাবি করেছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সামনে দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল উপস্থাপন করা হয়। প্রথমে তিনি একটি এসইউভি চালান এবং পরে একটি কাভার্ড ভ্যানও চালিয়ে দেখেন। এ সময় প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি গাড়িগুলোর প্রযুক্তিগত দিক সম্পর্কে তাকে অবহিত করেন।

নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, তাদের তৈরি যানবাহনগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত এবং পরিবেশবান্ধব। এসব গাড়ি জ্বালানি তেল ছাড়াই চলতে সক্ষম এবং তুলনামূলকভাবে বিদ্যুৎ খরচও কম। তারা আরও দাবি করে, এসব যানবাহনের দাম সাধারণ মানুষের নাগালে রাখার চেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটিকে আশ্বস্ত করে বলেন, মান ও নিরাপত্তা নিশ্চিত করে দেশীয়ভাবে ইলেকট্রিক ভেহিক্যাল উৎপাদন করা গেলে সরকার এ খাতে সহযোগিতা করবে।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে ইভি গাড়ির বাজারজাতকরণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গাড়িগুলো ইউরোপীয় মান বজায় রেখে তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসইউভি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে, যেখানে ফাস্ট চার্জিংয়ে মাত্র আধা ঘণ্টায় চার্জ সম্পন্ন হয়। ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম।

এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ