রমজানকে কেন্দ্র করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী রমজানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, পরিবার ও কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, “দুর্নীতি মুক্ত ও দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা এসেছে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং সরকারের কমিটমেন্টগুলো দ্রুত বাস্তবায়ন করার বিষয়েও আলোচনা হয়েছে।”
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি জানান, সরকার ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে, যার মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হবে। এছাড়া রমজানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার এবং বিদ্যুৎ সরবরাহ সচল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, “রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করার বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে