রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বেসরকারি উদ্যোক্তারা এ উদ্যোগের সঙ্গে কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কেমন হবে, সে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।
রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষভাবে রুগ্ন ও বন্ধ পাটকল ও চিনিকল পুনরায় চালুর কথা বলা হয়েছে। সেখানে পুরোনো শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুন মাসে সংসদে উপস্থাপিত তথ্যে জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের অধীন তখন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর অধীনে ৩৮২টি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর পাঁচটি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)-এর ছয়টি চিনিকল এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর চারটি কারখানা বন্ধ ছিল।
এরপর গত দুই বছরে এ সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেলেও সরকারের পক্ষ থেকে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ ও রুগ্ন শিল্পকারখানা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে