প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজ মহান সংসদে এ বিষয়ে স্লিপ পাঠানো হয়েছে। আমি জানাতে চাই, স্কুলটি শিগগিরই জাতীয়করণ করা হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী জানতে পারেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন সহকর্মীদের বেতন পরিশোধের জন্য ছুটির দিনে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা চালান।
তিনি বলেন, শুধু মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি ৪০ হাজার টাকা আয় করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন হিসেবে ব্যয় করেন। দুর্গম পাহাড়ি এলাকায় একটি বিদ্যালয় টিকিয়ে রাখতে তার এই আত্মত্যাগ প্রধানমন্ত্রীকে মুগ্ধ করে। বিষয়টি নজরে আসার পরই শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়টি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে সংকটে ছিল বিদ্যালয়টি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেই সংকট মোকাবিলায় প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন ছুটির দিনগুলোতে নৌকা চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বেতন পরিশোধ করে আসছিলেন।
মতামত দিন