Views Bangladesh Logo

ঢাকার যানজট কমাতে একগুচ্ছ সিদ্ধান্ত, ৪ মাসের মধ্যে ইটিসি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে ঢাকার বিভিন্ন সড়ক, ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহনের চাপ, গণপরিবহনের ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং সুবিধা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যবস্থাকে সহজ করতে একটি অ্যাপ তৈরির উদ্যোগও নেওয়া হবে। আগামী চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট কমাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের সমীক্ষা ও সুপারিশ পর্যালোচনা করে নতুন পরিকল্পনা তৈরির সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরবর্তী সময়ে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাজধানীর বাস টার্মিনাল ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় প্রয়োজন হওয়ায় আপাতত ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে একটি অস্থায়ী টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের ব্যবস্থা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পাশাপাশি গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

যানজট ও নগর ব্যবস্থাপনায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। সচিবালয় এলাকায় গাড়ি রাখার চাপ কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা তৈরি করা সম্ভব কি না, তা যাচাই করা হবে। প্রয়োজন হলে বিকল্প পার্কিংয়ের জায়গাও নির্ধারণ করতে বলা হয়েছে। অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ