বিশেষ চাহিদা সম্পন্নদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং তারা যাতে রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের নানা সমস্যা ও অপ্রতুল সুযোগ-সুবিধার বিষয়গুলো তুলে ধরলে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দেন। ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্তোরাঁসহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় হুইলচেয়ার ব্যবহারকারীদের উপযোগী প্রবেশপথ ও টয়লেট সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। নারীদের জন্য পরিকল্পিত ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সুবিধার বিষয়টি অন্তর্ভুক্ত করতে বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনে জোর দেওয়ার পাশাপাশি সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 'নতুন কুঁড়ি স্পোর্টস' প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।
সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে 'শিশু স্বর্গ' নামে একটি নতুন প্রকল্প চালু করা হবে এবং দ্রুতই এই কার্যক্রম শুরু হবে।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলালও সভায় অংশ নেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে