Views Bangladesh Logo

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অসংখ্য অভিনন্দন। এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও আস্থার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। নতুন এই দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিসকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে জাতিসংঘের সদস্য ১৯০টি দেশ ভোট দেয়। এর মধ্যে খলিলুর রহমান ৯৯টি দেশের সমর্থন পেয়ে নির্বাচিত হন, আর তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকুরিস পান ৯১টি ভোট। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নিয়ম অনুযায়ী এবারের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে।

নবনির্বাচিত সভাপতি হিসেবে খলিলুর রহমান আগামী এক বছর সাধারণ পরিষদের দায়িত্ব পালন করবেন এবং বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ