Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের ১০ম সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দশম সভা রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রিসভার সদস্য, পরিকল্পনা কমিশনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে আর্থসামাজিক অবকাঠামো খাতের চারটি, কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান খাতের দুটি এবং ভৌত অবকাঠামো খাতের ১১টি প্রকল্প রয়েছে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক সড়ক উন্নয়ন, গ্রামীণ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদার, নতুন সেতু নির্মাণ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং নগর সুবিধা বৃদ্ধি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেকের অবগতির জন্য সভায় উপস্থাপন করা হয়েছে, যা বিভিন্ন খাতে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সংশোধিত পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।

এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই সভায় সময় স্বল্পতার কারণে কিছু প্রকল্পের আলোচনা অসম্পূর্ণ থাকায় সেগুলো আজকের বৈঠকে পুনরায় উপস্থাপন করা হয়েছে।

দীর্ঘদিন পর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ব্যস্ততা এবং প্রশাসনিক কার্যক্রমের সুবিধা বিবেচনায় এ পরিবর্তন আনা হয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে অবকাঠামো উন্নয়ন ও কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধির এ উদ্যোগ দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ