বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত বগুড়া সফর বাতিল করা হয়েছে। এর আগে, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ১০ মার্চ বগুড়া সফরের কথা ছিল তার।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণের ১০ মার্চের কর্মসূচি বাতিল হয়েছে। পরে কর্মসূচি দেওয়া হবে।'
'যেহেতু বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন; সে কারণে তিনি ভোটের আগে কর্মসূচি নেননি।'
বগুড়া-৬ সদর আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। এর পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী, শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে আগামী ৯ এপ্রিল নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন। সেখানে বিএনপির প্রার্থী দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ আসবেন না। যেহেতু বগুড়া সদর আসনে উপনির্বাচন হচ্ছে তাই তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করলে অনেকটা নির্বাচনি বিধি ভঙ্গ হয়। তিনি নিয়মের মধ্যে থাকতে চান।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে