Views Bangladesh Logo

মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আপনারাও সেই সরকারের অংশ সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন।

তিনি বলেন, 'আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আমাদেরই নিতে হবে।'

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি নির্বাচনী ইশতেহার থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নির্বাচনী মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। ফলে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করাই এখন সরকারের দায়িত্ব।

স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লেখিত সব অঙ্গীকার বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নাগরিকদের যেন নিরাপদ বোধ হয়, সে ব্যবস্থা করতে হবে।

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সংশ্লিষ্টদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তবে জাতিকে একটি সুশৃঙ্খল ও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ