Views Bangladesh Logo

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তাঁর সরকার সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জের পাগলাপীরে সড়কের পাশে জড়ো হওয়া হাজারো মানুষের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের সবার। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান যা-ই হই না কেন, আজ থেকে আমরা সবাই মিলে আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার শপথ নিই। এটাই হোক আজ আমাদের প্রত্যাশা।

মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষের মধ্যে যে ঐক্য ছিল, তা স্মরণ করে তারেক রহমান বলেন, আমরা সব ধর্মের মানুষকে নিয়ে এই দেশ গড়তে চাই। আপনারা কি আমার সঙ্গে আছেন?

প্রধানমন্ত্রী বলেন, এ বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশ পরিচালনার দায়িত্ব বিএনপির হাতে তুলে দিয়েছেন জনগণ। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর সরকার কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

এর অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড কর্মসূচি। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও অন্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। সব শ্রেণি-পেশার মানুষের, বিশেষ করে কর্মজীবী মানুষের পাশে থাকার চেষ্টা সরকার করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়ে ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ অনেকে।

রংপুরে প্রধানমন্ত্রীর রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখার এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে। এরপর তিনি রাজশাহীতে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন। পরে চট্টগ্রামের রহমতগঞ্জে জেএম সেন হলের পূজামণ্ডপ ঘুরে দেখে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ আরও অনেকে।

রংপুর যাত্রার আগে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবম দিন আজ মহানবমী। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ