Views Bangladesh Logo

শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষাকে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার পরিবর্তন না হলে প্রতিবছর সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্বের সমস্যা কমবে না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না। শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি জ্ঞান অর্জনের পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরে এসে প্রযুক্তি, উদ্ভাবন ও বাস্তবমুখী দক্ষতার সমন্বয়ে পাঠ্যক্রম সাজাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩০০-এর বেশি কলেজের অধ্যক্ষদের উদ্দেশে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অধ্যক্ষদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা কেবল প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব পালন করেন না, বরং শিক্ষার পরিবেশ, নৈতিকতা ও একাডেমিক নেতৃত্বের দিকনির্দেশনাও দেন। তাঁদের সিদ্ধান্ত, যোগ্যতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে।

তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। উচ্চশিক্ষার সুযোগও সম্প্রসারিত হয়েছে। তবে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার পাশাপাশি শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।

দেশের শিক্ষা খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে নিয়ে এ ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়ন করতে হবে। এ লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের পরিচিত ও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষকনির্ভর প্রচলিত পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পাঠদান চালু করা প্রয়োজন। এ ক্ষেত্রে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, স্বয়ংক্রিয় প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জীবপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি কর্মজগতের ধরন বদলে দিচ্ছে। এসব প্রযুক্তির কারণে কিছু প্রচলিত পেশার চাহিদা কমছে, আবার নতুন কর্মক্ষেত্রও তৈরি হচ্ছে। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মদক্ষতায় রূপান্তর করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্পপ্রতিষ্ঠান সেই জ্ঞানকে বাস্তব কাজের অভিজ্ঞতায় রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করবে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে উঠতে পারবেন।

শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে সংযুক্তি ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর মতে, শিক্ষাজীবনেই বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। একই সঙ্গে চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান তৈরির সক্ষমতাও তাঁদের মধ্যে গড়ে উঠতে পারে।

প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা যেন শুধু চাকরি পাওয়ার প্রস্তুতিতে সীমাবদ্ধ না থাকে। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে হবে।

আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরির কথাও বলেন তারেক রহমান। কলেজগুলোতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান ও ইতালীয় ভাষা শেখার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন কার্যক্রম, ভাষা ক্লাব ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ সম্প্রসারণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা পূরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কলেজভিত্তিক শিক্ষক সংকট চিহ্নিত করা, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ