Views Bangladesh Logo

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানো, ঋণ পরিশোধে বিশেষ সুবিধা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তরসহ পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের বোঝা না চাপিয়ে পর্যাপ্ত অনুদান ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি এসব দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের দায় ও সীমিত আর্থিক সক্ষমতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে সহযোগিতা প্রয়োজন।

পাঁচ দফা প্রস্তাবের প্রথমটিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দের কথা বলেন তারেক রহমান। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

দ্বিতীয় প্রস্তাবে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের চাপ কমাতে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো ব্যবস্থা চালুর কথা বলেন প্রধানমন্ত্রী। তৃতীয় প্রস্তাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তরে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান সরকারপ্রধান। পঞ্চম প্রস্তাবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন তিনি।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও সরকারের উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সামনের সারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তা সত্ত্বেও এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনে কাজ করছে সরকার। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

দেশে পরিবেশবান্ধব শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার সম্প্রসারণ, পাটজাত ব্যাগের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বনায়ন ও পানি ব্যবস্থাপনায় সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য রয়েছে। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো এসব উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

বক্তব্যে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসার প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর ফলাফল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শুরুতে সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জলবায়ু মোকাবিলায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ