শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে গ্যাসের স্বল্পতায় পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হওয়া শিল্পকারখানার তালিকা ও প্রয়োজনীয় সহায়তার বিস্তারিত তথ্য উদ্যোক্তাদের কাছে চেয়েছে সরকার।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। বৈঠকে শিল্পে গ্যাস সরবরাহ, উৎপাদন ব্যাহত হওয়া এবং বিনিয়োগ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শওকত আজিজ রাসেল বলেন, শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বিশেষ করে টেক্সটাইল ও বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
তিনি জানান, যেসব কারখানা গ্যাস সংকটের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে অথবা সীমিত সক্ষমতায় উৎপাদন চালাচ্ছে, সেগুলোর বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সে বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে শিল্প উদ্যোক্তাদের অনুরোধ করা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিটিএমএ সভাপতি আরও বলেন, বর্তমান সরকার শিল্প খাতের বাস্তব পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছে এবং সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, গত ১৭ বছরে শিল্প খাত একই ধরনের নীতিগত মনোযোগ পেলে বর্তমান সংকটের মাত্রা এতটা প্রকট হতো না।
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, সরকার ও শিল্প মালিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্যাস সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে। একই সঙ্গে শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
মতামত দিন