একদিনের সফরে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান
একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী বিশেষ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি খাদিম নগরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন সরকারপ্রধান। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
দুপুরে সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই নতুন কর্মসূচি চালু করা হয়েছে। সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও কর্মসূচির বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।’
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে