Views Bangladesh Logo

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রংপুরে প্রধানমন্ত্রীর রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখার এবং সেখানে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।

রংপুরের কর্মসূচি শেষে তিনি রাজশাহীতে যাবেন। দুপুর ১টা ১৫ মিনিটে সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে বিকেল ৩টায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় যোগ দেবেন। সন্ধ্যায় চট্টগ্রামে রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ ঘুরে দেখার কথা রয়েছে সাড়ে ৫টায়। পরে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ আরও অনেকে।

রংপুর যাত্রার আগে প্রধানমন্ত্রী সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবম দিন আজ মহানবমী। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ