দিনব্যাপী সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনব্যাপী সরকারি সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনী শহরে পৌঁছান। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর পরশুরামের উদ্দেশে রওনা হয়।
এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানে নিজের বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু তাঁর ফেনী পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, পরশুরামের খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন করা হবে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন ও ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সরকারি তথ্য অনুযায়ী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট ক্ষমতার ব্যবস্থা রয়েছে।
সফরের শেষ কর্মসূচিতে বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা বিতরণ করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মতামত দিন