চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় সোমবার (২২ জুন) রাত ১১টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝৌশুয়াজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ডেপুটি গভর্নর এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত। এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশে রওনা দেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বেইজিংয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে দালিয়ানে দুই দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস (যা 'সামার ডাভোস ফোরাম ২০২৬' নামে পরিচিত)-এ অংশ নেবেন।
বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ‘সোনালী ৫০ বছর’ (গোল্ডেন ৫০ ইয়ার্স)-এ পদার্পণের এই সময়ে প্রধানমন্ত্রীর চীন সফরটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তারেক রহমান। দ্বিপাক্ষিক ওই বৈঠকে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।
আগামী ২৬ জুন বাংলাদেশে ফেরার কথা রয়েছে তাঁর।
মতামত দিন