৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী
এক দিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর।
সেখানে পৌঁছেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে সরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে পৌঁছান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধনকালে সরকারের পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের চারপাশ সবুজ চাদরে ঢেকে দিতে দেশব্যাপী মোট ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।
এই মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার এবং অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান সরকারপ্রধান।
এ ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিজ হাতে জিআই স্বীকৃত বরিশালের আমড়া এবং নারিকেল গাছের চারা রোপণ করবেন। এরপর বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে একটি মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এবার দলীয়ভাবে কোনো তোরণ নির্মাণ কিংবা ব্যানার-ফেস্টুন ব্যবহার না করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বরং জনদুর্ভোগ এড়াতে এর পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানবপ্রাচীর তৈরির মাধ্যমে সুশৃঙ্খলভাবে তাঁকে শুভেচ্ছা জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মতামত দিন