Views Bangladesh Logo

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি এবার নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রান্নার কষ্ট কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে, তেমনি নারীদের জন্য আলাদা করে ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মা-বোনদের কাছে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়া হবে, যাতে রান্নার কাজে তাদের কষ্ট কমে।

নারীদের শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্কুল ও ইন্টারমিডিয়েট পর্যায়ে মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। সেই উদ্যোগকে আরও এগিয়ে নিতে সরকার ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষাকে বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

নারীপ্রধান পরিবারের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাল পুনঃখনন কার্যক্রম চালানো হচ্ছে এবং ধাপে ধাপে দেশের সব গ্রামের নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বক্তব্যের শেষদিকে সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারিভাবে সম্মানী দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ