‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাস
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দলের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হচ্ছে, ভবিষ্যতেও হবে; একইভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্য দেন মির্জা আব্বাস।
প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন।’
তিনি বলেন, নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সব সময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না।
তারেক রহমানকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন, দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড এবং তাদের দেওয়া তথ্যের বিষয়ে প্রধানমন্ত্রীর সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।
প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, তারেক রহমান ইতিমধ্যে অনেক প্রশংসনীয় কাজ করেছেন। তবে কিছু খারাপ মানুষের খারাপ কথা ও কর্মকাণ্ডের কারণে তার ভালো কাজগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ কারণে প্রধানমন্ত্রীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ড ও তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সজাগ থাকা প্রয়োজন।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত দিন