নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
হৃদরোগে আক্রান্ত হয়ে নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
তার এই মৃত্যুর খবরে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে; সহকর্মী ও অভিনয়শিল্পীরা গভীর শোক প্রকাশ করেছেন।
নির্মাতা আশিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
মঙ্গলবার সকালে এক শোকবার্তায় নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ জানায়, ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সম্মানিত সদস্য মারুফ হোসেন সজীব আজ ভোর ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংগঠনের পক্ষ থেকে সম্মানিত সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
শোকবার্তায় আরও জানানো হয়, মঙ্গলবার বাদ জোহর উত্তরা ১২ নম্বর সেক্টর মসজিদে মারুফ হোসেন সজীবের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ১২ নম্বর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার স্মৃতিচারণ করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন ওনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো।’
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক শোকবার্তায় লেখেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
নাট্যকার ও নির্মাতা হিসেবে দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কাজ করেছেন মারুফ হোসেন সজীব। তাঁর নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’ ও ‘জোড়া শালিকের ঘর’সহ বেশ কিছু দর্শকনন্দিত নাটক।
মতামত দিন