বাগেরহাট আদালতে ছাদের পলেস্তারা খসে আহত ৫ বিচারপ্রার্থী
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের করিডরের ছাদের পলেস্তারা খসে পড়ে অন্তত পাঁচজন বিচারপ্রার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচতলার (হাকিমি আদালত) কচুয়া এজলাসের সামনের করিডরে এ ঘটনা ঘটে। এ সময় আদালতের কার্যক্রম চলছিল এবং করিডরে বিচারপ্রার্থীদের ভিড় ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার কিছু পর হঠাৎ করিডরের ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে আদালতের সরকারি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) এবং মোতালেব হোসেন (৪৮)।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক শেখ আদনান হোসেন জানান, আহতদের কারও মাথায়, কারও ঘাড়ে এবং হাত-পায়ে আঘাত লেগেছে। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।
ঘটনার পর বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারকেরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, তিনতলা আদালত ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
মতামত দিন