Views Bangladesh Logo

জেলা সদর থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে: আইজিপি

পুলিশের প্রতি জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একইসঙ্গে থানাতেই তাৎক্ষণিক বিচার নিশ্চিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (৯ মার্চ, ২০২৬) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর মো. আলী হোসেন ফকিরকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আইজিপি বলেন, ‘থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে। থানায় অভিযোগ নিয়ে গেলে প্রমাণ সাপেক্ষে যাতে তাৎক্ষণিকভাবে বিচার ব্যবস্থা করা যায়। এতে ভুক্তভোগীরা দ্রুত বিচার পাবেন।’

জনগণের সেবার মান নিশ্চিত করতে তিনি বলেন, ‘বিগত সময়ে পুলিশের সঙ্গে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। জনআস্থা উদ্ধারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এজন্য জেলা সদরের থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। পুলিশ এমনভাবে জনগণকে সেবা দিতে চায়, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে।’

তিনি জানান, এসব থানায় একজন সার্কেল এএসপি সার্বক্ষণিক কার্যক্রম মনিটরিং করবেন। আইজিপি আরও বলেন, ‘আমরা এমনভাবে জনগণকে সেবা দিতে চাই যাতে থানায় আগত মানুষ হাসি মুখে থানা থেকে ফিরে যেতে পারে। পুলিশের রিঅ্যাকশন টাইম ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হবে।’

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পুলিশ প্রধান বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। চাঁদাবাজির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় কোনো বিবেচনার সুযোগ নেই।’ ইতিমধ্যে মাঠ পর্যায়ে ব্লক রেইড দিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও র‍্যাব সমন্বিতভাবে কাজ করছে বলে জানান আইজিপি। বিশেষ করে মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত অসন্তোষ এড়াতে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করে পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মামলা তদন্তের গুণগত মান বাড়াতে সিআইডিকে আধুনিকীকরণের প্রত্যয় ব্যক্ত করেন আইজিপি। তিনি বলেন, ‘উগ্র মৌলবাদিদের উত্থান রোধে পুলিশের সজাগ দৃষ্টি ও নজরদারী বজায় থাকবে।’ এছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণ রাষ্ট্রের মূল শক্তি। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। জনবান্ধন পুলিশ গড়তে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ