Views Bangladesh Logo

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা

অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। বিশেষ নীতিমালার আওতায় ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত পুলিশ সদস্যদের এ সুবিধার আওতায় আনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘসময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের জন্য সরকার ওভারটাইম ভাতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এজন্য একটি বিশেষ নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, বর্তমানে অনেক পুলিশ সদস্য দীর্ঘ ৪০ বছর চাকরি করেও কাঙ্ক্ষিত পদোন্নতি পান না। এ বাস্তবতা বিবেচনায় অবসরকালীন সময়ে বিশেষ নীতিমালার মাধ্যমে কিছু সংখ্যক সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ ক্ষেত্রে কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে আরও আধুনিক, জনকল্যাণমুখী ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে থেকে যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।

আবাসন সংকট নিরসনে সরকারের অগ্রাধিকার রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের জন্য ভবন নির্মাণ, কার্যালয় সম্প্রসারণ এবং ভূমি অধিগ্রহণের বিষয়েও সরকার কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, গত দুই মাসে দেশের পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে অপরাধের ধরনও বদলেছে। তাই পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ‘মব কালচার’ বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে নতুন আইনগত কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ