Views Bangladesh Logo

উপজেলা হাসপাতালে শয্যা দ্বিগুণ করার পরিকল্পনা, চালু হবে আইসিইউ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৪৯২টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বিশেষায়িত আইসিইউ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৩ জুন) নিজ দপ্তরে সরকারের চলমান স্বাস্থ্যখাতের বিভিন্ন কর্মসূচি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার চাহিদা দিন দিন বাড়লেও অনেক হাসপাতালের অবকাঠামো ও শয্যাসংখ্যা সেই চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। এ বাস্তবতায় সারাদেশের উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনার আওতায় হাসপাতালের ভবন সম্প্রসারণ, নতুন ওয়ার্ড নির্মাণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা চালু হলে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীমুখী হওয়ার প্রয়োজন কমে আসবে। এতে রোগীরা নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পাবেন এবং বড় হাসপাতালগুলোর ওপর চাপও হ্রাস পাবে।

নারী ও শিশুস্বাস্থ্য সেবা সম্প্রসারণের বিষয়েও নতুন উদ্যোগের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, চীন-বাংলাদেশের যৌথ সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের জন্য পাঁচটি এবং শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে মাতৃস্বাস্থ্য, নবজাতক পরিচর্যা, শিশুদের জটিল রোগের চিকিৎসা এবং বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

এ ছাড়া দেশের পাঁচটি বিভাগীয় শহরে শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল আগামী ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৫ আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ব্রিফিংয়ে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় কেউ ছাড় পাবে না। তবে অভিভাবকেরা পোস্টমর্টেমে সম্মতি না দেওয়ায় তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত পক্ষ কিছু সুবিধা পেতে পারে।

তিনি জানান, দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ