মসজিদের তাকে মিলল জুলাই আন্দোলনে লুট হওয়া পিস্তল-গুলি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদের দ্বিতীয় তলার একটি তাক থেকে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, মসজিদের দ্বিতীয় তলার একটি তাকে ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখেন মসজিদের ইমাম। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, এগুলো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির অংশ।
পুলিশের ধারণা, শুক্রবার জুমার নামাজের সময় কেউ এসব অস্ত্র ও গুলি মসজিদে রেখে যেতে পারে। তবে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মসজিদে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় বিষয়টি শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার মাগরিবের নামাজের পর স্থানীয় এক যুবক তাকে জানান, মসজিদের দ্বিতীয় তলায় কোরআন শরিফ রাখার তাকে একটি পিস্তল ও গুলি দেখা গেছে। পরে তিনি সেখানে গিয়ে সেগুলো দেখতে পান। ওই রাতেই থানায় বিষয়টি জানাতে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে ফিরে আসেন। শনিবার দুপুরে পুলিশ এসে পিস্তল, ম্যাগাজিন ও গুলি নিয়ে যায়।
ইমাম আরও জানান, এর আগেও আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র, গুলি ও হাতকড়া অনেকে মসজিদে এনে জমা দিয়েছিলেন। পরে সেগুলো সেনাবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেলে আড়াইহাজার থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়েছিল।
মতামত দিন