Views Bangladesh Logo

পিরোজপুরে স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে পালালো স্বামী

 VB  Desk

ভিবি ডেস্ক

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাদল খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের খান বাড়িতে ঘটনাটি ঘটে। হত্যার পরপরই অভিযুক্ত বাদল খান (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাদল ওই ইউনিয়নের ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা।

নিহতরা হলেন— বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শ্বাশুড়ি বিলকিস বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল ১০দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান রয়েছে। সোমবার রাতে বাদল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করে। এ সময় তার আগের স্ত্রীর শিশু ছেলে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। হত্যাকাণ্ডের পর বাদল ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন।

পারিবারিক কলহের কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় ও প্রতিবেশীরা। তবে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত বাদল খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ