Views Bangladesh Logo

কড়া নিরাপত্তায় পীর শামীমের দাফন সম্পন্ন

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর আজ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রহরায় স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পরও দৌলতপুর থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ‘শামীম বাবার দরবার শরিফ’-এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। হামলায় আস্তানার তিন ভক্ত মহন আলী, জামিরুন ও জুবায়েরও গুরুতর আহত হন।

পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, দাফনের পর আলোচনা সাপেক্ষে মামলার সিদ্ধান্ত নেওয়া হবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন জানান, হামলার সময় পুলিশ উপস্থিত থেকে শামীমকে উদ্ধারের চেষ্টা করেছিল, কিন্তু হামলাকারীদের তুলনায় সংখ্যায় কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জড়িতদের শনাক্তের কাজ চলছে বলেও তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু বলেন, ‘ধর্ম অবমাননার অভিযোগ থাকলে রাষ্ট্রের প্রশাসন ও বিচার বিভাগ আছে। তাই বলে তাণ্ডব চালিয়ে মানুষ হত্যার অধিকার কাউকে দেওয়া হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ