রথযাত্রাকে লক্ষ্য করে পাইপ বোমা নয়, ঘটনাটি ‘কাকতালীয়’: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া পাইপ বোমাটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রাকে লক্ষ্য করে রাখা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার মতে, বোমাটি উদ্ধারের ঘটনা ছিল ‘কাকতালীয়’।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।
তিনি বলেন, ডিভাইসটি ঘটনাক্রমে ওই দিন পাওয়া যায়। এর সঙ্গে রথযাত্রার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।
তবে এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক জানিয়েছিলেন, উল্টো রথযাত্রাকে লক্ষ্য করেই বিস্ফোরকটি রাখা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। সময়মতো সেটি শনাক্ত করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে শক্তিশালী পাইপ বোমা উদ্ধার করা হয়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ভাষ্য, ছাতাটি খোলার জন্য বোতাম চাপলেই বিস্ফোরণ ঘটার মতো করে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করা হয়েছিল। এতে প্রায় দেড় কেজি সালফার, ব্যাটারি, সার্কিট, তারকাঁটা ও ধারালো লোহার টুকরো ছিল।
ঘটনার পর মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় বলা হয়েছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পূর্বপরিকল্পিতভাবে বিস্ফোরকটি সেখানে রাখা হয়েছিল।
এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামও প্রাথমিকভাবে রথ শোভাযাত্রাকে কেন্দ্র করেই বোমাটি রাখা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মতামত দিন