খুলনার ব্যান্ড সংগীতের পথিকৃৎ রেজা আর নেই
খুলনার ব্যান্ড সংগীতের প্রবাদপ্রতিম শিল্পী ও ‘মেলোডি’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা রেজাউল ইসলাম রেজা আর নেই। আজ (বুধবার) সকাল ৮টার দিকে খুলনা শহরের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
রেজাউল রেজা খুলনার ব্যান্ড সংগীতের সূচনালগ্নের অন্যতম অগ্রদূত ছিলেন। ১৯৭৪ সাল থেকেই তিনি মঞ্চে গান গাওয়া শুরু করেন এবং ১৯৭৫ সালের শুরুতে প্রতিষ্ঠা করেন তার স্বপ্নের ব্যান্ড ‘মেলোডি’। সে সময় খুলনার ব্যান্ড সংগীতের বিকাশে ‘স্পার্টান’ ও ‘মেলোডি’—এই দুই ব্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার নেতৃত্বে ছিলেন রেজার মতো নিবেদিত শিল্পীরা। তাদের হাত ধরেই খুলনায় ব্যান্ড সংগীতের যাত্রা শক্ত ভিত্তি পায়।
১৯৯২ সালে ‘মেলোডি’র প্রকাশিত অ্যালবাম ‘ও বধূ যায়রে’ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়, বিশেষ করে ‘বৃষ্টির শেষে’ ও শিরোনাম গান ‘ও বধূ যায়রে’ আজও সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।
শুধু একজন শিল্পী হিসেবেই নয়, ব্যক্তি জীবনেও তিনি ছিলেন সবার প্রিয়। তার নিজ এলাকা গোয়ালখালীতে সকাল থেকেই ভিড় করছেন শোকার্ত মানুষ। প্রতিবেশী ও পরিচিতজনদের ভাষ্যমতে, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও সদালাপী একজন মানুষ, যার সঙ্গে কারো কোনোদিন বিরোধের কথা শোনা যায়নি।
আজ আসর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রেজার মৃত্যুতে খুলনার সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। খুলনা সংগীত মঞ্চ শোক জানিয়ে বলে, তার অবদান ও সৃষ্ট সুরগুলো সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে