Views Bangladesh Logo

ঢাকার কোন কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার উদ্যোগ হিসেবে রাজধানীর সড়কে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের এই বাসগুলো ইতোমধ্যে ‘পিংক বাস’ নামে পরিচিতি পেয়েছে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ সেবার লক্ষ্য, গণপরিবহনে নারীদের জন্য আরও নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস নামানো হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলাচল করবে।

রাজধানীতে ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

প্রাথমিক পর্যায়ে রাজধানীর ১০টি রুটে ১০টি পিংক বাস চলবে। বিআরটিসির দেওয়া রুট তালিকা অনুযায়ী, এসব বাসের গুরুত্বপূর্ণ কয়েকটি রুট ও স্টপেজ হলো—

নতুন বাজার (কোকাকোলা)–মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল।
তালতলা–মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয় হয়ে মতিঝিল।
ডেমরা স্টাফ কোয়ার্টার–জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও জিপিও।

এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর–বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হয়েছে। ঢাকার বিভিন্ন রুটে মিরপুর, মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, গাবতলী ও শ্যামলীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত রয়েছে। বিআরটিসির হিসেবে, ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল বাস। এ ছাড়া চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে বাস দিয়ে সেবা শুরু হয়েছে।

টিকিট কাটবেন কীভাবে, ভাড়া কত? 

পিংক বাসে যাত্রীদের জন্য চালু করা হয়েছে ই-টিকিটিং সুবিধা। এ সেবা নিশ্চিত করতে সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ‘সহজ ডট কম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই অনলাইনে টিকিট সংগ্রহের সুযোগ পাবেন। এতে কাউন্টারে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা এবং টিকিট সংগ্রহের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ভাড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত তালিকা যাত্রীদের দেখার সুবিধার্থে বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে ঢাকার পিংক বাসের রুটভিত্তিক নির্দিষ্ট ভাড়া আলাদাভাবে জানানো হয়নি। চট্টগ্রামে চলাচলকারী পিংক বাসে দূরত্বভেদে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তায় থাকছে যেসব সুবিধা

পিংক বাস সার্ভিসের বিশেষ দিকগুলোর একটি হলো এর পরিচালনায় নারী কর্মীদের সম্পৃক্ততা। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরাই। ফলে নারী যাত্রীরা নারী কর্মীদের তত্ত্বাবধানে এবং মূলত নারী যাত্রীদের সঙ্গে তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে যাতায়াত করতে পারবেন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি বাসে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম বা ভিটিএস স্থাপন করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে বাসের অবস্থান ও চলাচল নজরদারির আওতায় রাখা সম্ভব হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বাস ও কাউন্টারের সহজে চোখে পড়ার মতো জায়গায় সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হবে।

বিআরটিসির তথ্য অনুযায়ী, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করা হয়েছে। বাসগুলো এসব নির্ধারিত স্থানেই থামবে। এর ফলে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ হওয়ার পাশাপাশি গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা আরও নিশ্চিত করা সম্ভব হবে।

পিংক বাস নিয়ে নারী যাত্রীদের প্রত্যাশা

পিংক বাসের যাত্রা শুরুর প্রথম দিনেই নারী যাত্রীদের মধ্যে সেবাটি নিয়ে আগ্রহ ও আশাবাদ দেখা গেছে। তেজগাঁও থেকে বাসে ওঠা ঐশি নামের এক নারী যাত্রী বলেন, সাধারণ গণপরিবহনে চলাচলের সময় নারীদের নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হয়। পিংক বাসে চালক ও সহকারীসহ যাত্রীদের বড় একটি অংশ নারী হওয়ায় এখানে নিজেকে তুলনামূলক নিরাপদ মনে হচ্ছে।

কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা বলছেন, নির্ধারিত রুটে বাসের নিয়মিত চলাচল এবং সময়সূচি মেনে সেবা নিশ্চিত করা গেলে প্রতিদিনের যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ব্যস্ত সময়ে পর্যাপ্ত বাস পাওয়া গেলে পিংক বাস নারীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য গণপরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে।

পিংক বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা

বিআরটিসি জানিয়েছে, যাত্রী চাহিদা ও সেবার সাড়া বিবেচনা করে ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে শুরুতে ১৪টি বাস দিয়ে যাত্রা শুরু হলেও সাড়া ভালো পাওয়া গেলে রাজধানীসহ দেশের অন্যান্য শহরেও এই সেবার পরিধি বাড়তে পারে।

নারী চালক ও কন্ডাক্টরদের যুক্ত করার ফলে নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। নির্দিষ্ট স্টপেজ, ই-টিকিটিং, ভিটিএস এবং নারী চালক-কন্ডাক্টর—এসব ব্যবস্থার কারণে পিংক বাস রাজধানীর গণপরিবহনে নতুন একটি সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ