রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু অনলাইন ক্লাস
রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। জ্বালানি সংকটসহ চলমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষাখাতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে অনলাইন ক্লাস শুরু হয়। এতে শিক্ষকরা নিজ নিজ ক্লাসরুম থেকে ভার্চুয়ালি পাঠদান করেন এবং শিক্ষার্থীরা বাসা থেকে অংশ নেয়।
শিক্ষকরা জানান, আপাতত কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুল পর্যায়েও অনলাইন ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত রুটিন অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি (অফলাইন) ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রবি, মঙ্গল ও বৃহস্পতি অনলাইন ক্লাস এবং শনি, সোম ও বুধবার অফলাইন ক্লাস চালানোর কথা জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি ও অন্যান্য বাস্তবতা বিবেচনায় রাজধানীর কিছু স্কুল-কলেজে পাইলট প্রকল্প হিসেবে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ডিজিটাল শিক্ষাব্যবস্থার দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সফল হলে ভবিষ্যতে এটি সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন, যাতে পাঠদানের ধারাবাহিকতা বজায় থাকে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে