গভীর রাতে সরকারি ওষুধ পাচারের চেষ্টা, পিকআপ আটক
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পিকআপে করে সরিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতার হাতে গাড়িটি আটক হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করা পিকআপটি থামিয়ে বস্তাভর্তি সরকারি ওষুধ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওষুধসহ পিকআপটি জব্দ করে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধবোঝাই পিকআপটি গোবিন্দাসী যমুনা নদীর দিকে যাচ্ছিল। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটির পথরোধ করেন। পরে বস্তার ভেতর সরকারি ওষুধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আটক পিকআপের চালক আজমত দাবি করেন, বাবুল নামে এক ব্যক্তি হাসপাতাল থেকে বস্তাগুলো গোবিন্দাসী পৌঁছে দেওয়ার জন্য তার গাড়ি ভাড়া করেছিলেন। বস্তার ভেতরে কী ছিল, সে বিষয়ে তিনি জানতেন না বলে দাবি করেন।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল ঘটনার সঙ্গে কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, স্থানীয়দের আটক করা পিকআপ, ওষুধ ও চালককে থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন